শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধান নদ-নদীর পানি বাড়ছে, সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণায় ভয়াবহ বন্যা

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জুন 2022, 04:42 দুপুর • 588 বার পঠিত
প্রধান নদ-নদীর পানি বাড়ছে, সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণায় ভয়াবহ বন্যা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আজ শুক্রবার পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় এই তথ্য জানানো হয়। তারা জানায়, দেশের ১২টি নদীর পানি এর মধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় জানানো হয়, তিস্তা নদী ডালিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার, দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে ৯ সেন্টিমিটার, ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে ৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদী চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার, সুরমা নদী কানাইঘাট পয়েন্টে ১০৮ সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে ১২০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৭০ সেন্টিমিটার, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, সারিগোয়াইন নদী সারিঘাট পয়েন্টে ২৩ সেন্টিমিটার, পুরাতন সুরমা নদী দেরাই পয়েন্টে ২ সেন্টিমিটার, যাদুকাটা নদী লরেরগড় পয়েন্টে ১৫৪ সেন্টিমিটার এবং ভুগাই নদী নাকুয়াগাও পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তারা আরো জানায়, আগামী ৪৮ ঘণ্টায় উজানে ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অপরদিকে মেঘনা এবং উত্তরাঞ্চল অববাহিকায় বন্যা পরি্স্থিতি আরও অবনতি হতে পারে।

এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলায় উদ্ধার ও ত্রাণকাজে সেনা সদস্যরা কাজ শুরু করেছেন আজ থেকে। মানুষকে বন্যা থেকে উদ্ধার করা এবং নিরাপদে নিয়ে আসার কাজে নিয়োজিত হয়েছে তারা। 

এই বছর এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বন্যার মুখে পড়ল সিলেট ও সুনামগঞ্জের মানুষ।

বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। নগরীসহ পাঁচ উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সিলেট ও সুনামেগঞ্জের অনেক জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে গেছে। তাই  বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় শেষ খবর পাওয়া অব্দি প্রায় দুই লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সামনে অবস্থার আরো অবনতি হতে পারে। 

এদিকে নেত্রকোণার তিনটি উপজেলার বেশিরভাগ জায়গা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। জেলার সবকয়টি নদীর পানি হু হু করে বাড়ছে। পানিবন্দি মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠাচ্ছে প্রশাসন।