পরবর্তী প্রজন্মকে রাজনীতি সচেতন করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন এক স্বাধীন দেশ। এখন আমাদের উচিত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন করে গড়ে তোলা। এমনটি বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বপ্নের উন্নত বাংলাদেশের চাবিকাঠি তরুণদের হাতে রয়েছে। তাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে।
বুধবার দুপুরে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর চাওয়া সোনার মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নারীর দৃশ্যমান ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রজন্ম ভুল পথে পা বাড়ালে জাতির পক্ষে স্বপ্নের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। এ জন্য বাঙালির ইতিহাস, ভাষা ও আত্মপরিচয় হৃদয়ে লালন করতে হবে।