প্রবাসীদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সরকার ঘোষিত লকডাউনের সময় জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে না আসতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনাও দেয়া হয়েছে।
চলমান লকডাউনে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বিষয়টি বিবেচনায় নিয়ে কেবল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। তবে বিদেশ থেকে এখনই প্রবাসীদের বাংলাদেশে না আসার অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে বিদেশের মিশনগুলোকে উদ্যোগ নিতে নির্দেশনাও দেয়া হয়েছে।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মিশনগুলো পদক্ষেপ নিতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশ মিশন জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার প্রভৃতি দেশ জরুরিভাবে প্রবাসীদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে।