প্রায় ২০০ বছর পর গ্রিসের রাজধানীতে প্রথম মসজিদ উদ্বোধন
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে প্রায় ২০০ বছর পর গ্রিসের রাজধানী এথেন্সে আনুষ্ঠানিকভাবে প্রথম মসজিদের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে এ মসজিদের কার্যক্রম শুরু হয় ।
তবে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের ফলে ইউরোপের অন্যান্য দেশের মতো গ্রিসেও নিরাপদ সামাজিক দূরত্ব ও কঠোর স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে আপাতত স্বল্পসংখ্যক মুসল্লির উপস্থিতিতে এ মসজিদের কার্যক্রম শুরু করা হবে বলে টিআরটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এথেন্স বর্তমান বিশ্বের সবচেয়ে পুরনো শহরগুলোর একটি। গত শতাব্দীর সত্তরের দশকের পর থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে গ্রিস।
আজকের দিনে এথেন্সের বিভিন্ন শহরতলীতে পা রাখলে চোখে পড়ে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, আফগানিস্তান, লেবানন, ইরাকসহ বিভিন্ন দেশের মানুষ। তাদের একটি বড় অংশ ইসলাম ধর্মে বিশ্বাসী।
গ্রিসে স্থানীয় মুসলমানদের বেশিরভাগ আলবেনীয় ও তুর্কি বংশোদ্ভূত। তাদের অনেকে গ্রিসের মূলধারার সঙ্গে নানাভাবে মিশে গিয়েছেন। অন্যান্য দেশের অভিবাসীদের মতো তাদেরকে বিশেষভাবে আলাদা করার উপায় নেই। এছাড়াও বেশ কিছুসংখ্যক গ্রিকভাষী রয়েছেন যারা জন্মগতভাবে মুসলমান।