শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রাণী থেকেই করোনার উৎপত্তি, ল্যাব থেকে নয় : ডাব্লিউএইচও

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 12:17 দুপুর • 240 বার পঠিত
প্রাণী থেকেই করোনার উৎপত্তি, ল্যাব থেকে নয় : ডাব্লিউএইচও

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ল্যাব থেকে নয়, প্রাণী থেকেই ছড়িয়েছে। সম্প্রতি সংবাদ সংস্থা এপির হাতে আসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও চীনের বিজ্ঞানীদের করোনার উৎসের খোঁজে যৌথ অনুসন্ধানী দলের খসড়া প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাদুড় বা অন্য কোনো প্রাণী থেকে মানুষের দেহে ছড়িয়ে থাকতে পারে। করোনার উৎপত্তির এটিই সবচেয়ে সম্ভাব্য এক দৃশ্যপট। একইসঙ্গে করোনাভাইরাস ল্যাব থেকে ছড়িয়ে পড়েছিল বলে যে গুঞ্জন ছিল; সেটিও উড়িয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
 
চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে মধ্য-ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া চীনের হুবেই প্রদেশের উহান সফর করেন। সেখানে প্রায় এক মাস ধরে অনুসন্ধানের পর করোনার উৎপত্তি নিয়ে তারা এই প্রতিবেদন প্রস্তুত করেছেন।

গবেষকরা সম্ভাবনার ক্রম অনুযায়ী করোনার উৎপত্তির সম্ভাব্য চারটি পরিস্থিতি তালিকাভুক্ত করেছেন। তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দ্বিতীয় একটি প্রাণীর মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বেশি। বাদুড় থেকে সরাসরি মানুষের শরীরে এই ভাইরাসের বিস্তার মূল্যায়ন করেছেন তারা। বলেছেন, কোল্ড চেইন খাদ্য পণ্যের মাধ্যমে ভাইরাসের বিস্তারের সম্ভাবনা ছিল, কিন্তু সেটি হয়নি।

বাদুড়ের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। আর ভাইরাস ঘনিষ্ঠ দ্বিতীয় কোনো প্রাণী এর বাহক ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই বাদুড় ভাইরাস এবং সার্স-কোভ-২ এর মধ্যে বিবর্তনীয় দূরত্ব রয়েছে; যা কয়েক দশক ধরে বিদ্যমান বলে ধারণা করা হয়। তবে এর মধ্যে সংযোগকারীর অনুপস্থিতি দৃশ্যমান।

ডব্লিউএইচও-চীনা বিজ্ঞানীদের এই প্রতিবেদনে বলা হয়েছে, একেবারে অনুরূপ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে প্যাঙ্গোলিনের দেহে। মিঙ্ক (বেঁজির মতো দেখতে এক ধরনের প্রাণী) এবং বিড়ালকেও কোভিড ভাইরাসের জন্য সন্দেহ করা হচ্ছে। এই দুই প্রাণীও ভাইরাসের বাহক হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।