পরাজয় মেনে নিতে না চাওয়া ট্রাম্প
গত সপ্তাহের যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে যে অস্বীকৃতি জানিয়েছেন, তা বিব্রতকর একটা ব্যাপার।
তবে বিদেশি নেতাদের যোগাযোগ করতে শুরু করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, কোন কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবে না।
ট্রাম্প একটি টুইট করে ঘোষণা করেছেন যে, নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে, সেখানে আসলে তিনিই বিজয়ী হতে চলেছেন।
প্রতি চারবছর পরপর যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, ভোট গণনার ভিত্তিতে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে মার্কিন গণমাধ্যম।
এখনো অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অনেক রাজ্যে এখনো ভোট গণনা চলছে। চূড়ান্ত ফলাফল তখনি ঘোষিত হবে যখন, ১৪ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্যরা বৈঠকে বসবেন।
জো বাইডেন কী বলেছেন?
মঙ্গলবার প্রেসিডেন্ট-ইলেক্টের কাছে একজন সাংবাদিক জানতে চান যে, ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছেন, সেই ব্যাপারে তিনি কি মনে করেন?
ডেলাওয়ারের উইলমিংটনে মি. বাইডেন বলেন, ”সত্যি কথা বলতে, আমি মনে করি, এটা একটা বিব্রতকর ব্যাপার।”
”একমাত্র বিষয় হলো, যদি কৌশলের সঙ্গে বলতে হয়, আমার মতে এটা প্রেসিডেন্টের উত্তরাধিকারের ক্ষেত্রে কোন সাহায্য করবে না।”