শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

পরাজয়ে শুরু লিভারপুলের

অনলাইন নিউজ পোর্টাল • 05 জানুয়ারী 2021, 01:40 দুপুর • 303 বার পঠিত
পরাজয়ে শুরু লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা খারাপ যাচ্ছে লিভারপুলের। পরাজয় দিয়ে নতুন বছর শুরু হয়েছে অল রেডদের। মঙ্গলবার দলটি সাউদাম্পটনের মাঠে হেরে গেছে ০-১ গোলে।

গেল বছরের শেষ দুটি ম্যাচে ড্র করেছিল লিভারপুল। এবার হেরেই গেল ক্লপ শিবির। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর আকুতি অ্যানফিল্ডে। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে টানা ছয় জয়ের পর হারের স্বাদ পেল লিভারপুল। গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য এবং এর আগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে ১-১ ড্র করেছিল সালাহরা।

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় সাউদাম্পটন। ২ মিনিটে জেমস ওয়ার্ড-প্রাউসের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে বল মিস করেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ডি-বক্সে বল পেয়ে প্রথম স্পর্শে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ড্যানি ইঙ্গস। প্রিমিয়ার লিগে এই ইংলিশ ফরোয়ার্ডের এটি ৫০তম গোল।

গোল শোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে লিভারপুল। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর পায়নি ক্লপের শিষ্যরা। বিরতির আগে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সালাহ। বাঁ দিক থেকে মানের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে মিসরের এই ফরোয়ার্ডের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধে গোলের উদ্দেশে মোট ছয়টি শট নেয়া লিভারপুল একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও ছিল একই অবস্থা। লক্ষ্যে থাকেনি শট। ১৭টি শটের মধ্যে সাউদাম্পটনের গোলে মাত্র একটি শটই নিতে পেরেছে লিভারপুল। অথচ বল পজিশন ছিল লিভারপুলের ৬৭ ভাগ। কর্নার আদায় করেছিল ১০টি। সাউদাম্পটন নিতে পেরেছিল মাত্র একটি।

হারলেও ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষেই আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।