‘প্রাইভেট না পড়ায়’ ফেল করানোর অভিযোগ, কলেজছাত্রীর আত্মহত্যা
গণিত টিচারের কাছে প্রাইভেট না পড়ায় গণিতে ফেল করিয়ে দেওয়ায় বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায় গত (২০ নভেম্বর) বিকেলে ওই ছাত্রী নগরীর নথুল্লাবাদ শের-ই বাংলা সড়কের নিজ বাসার বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে মৃত ছাত্রীর মা জানান, দুপুর ১টায় কলেজ থেকে বাসায় আসেন তার মেয়ে। এ সময় তাকে জানিয়েছেন গণিত বিষয়ে তিনি ফেল করতে পারেন না। তাকে ফেল করানো হয়েছে। এজন্য তার মন ভালো নেই। পরে তার মেয়ে নিজের রুমে চলে যান। তার কোনো সাড়াশব্দ না পেয়ে বারান্দায় গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মেয়েকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ছাত্রীর বাবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ মহসিন উল- ইসলাম হাবুল পরিবারের বরাতে জানান, কলেজের গণিত শিক্ষকের কাছে প্রাইভেট পড়েনি ওই ছাত্রী। এ কারণে তাকে বর্ষ পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করানো হয়েছে। বিষয়টি ওই ছাত্রী শিক্ষকের কাছে জানতে চেয়েছিলেন। তখন শিক্ষক তাকে কোনো কিছু বলেছেন, যা মেনে নিতে পারেনি। তাই নিজেকে শেষ করে দিয়েছে।
এ অভিযোগ সম্পর্কে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদ বলেন, প্রাইভেট না পড়ানোর জন্য ছাত্রীকে ফেল করিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন বলে শুনেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। তবুও আমি খোঁজ নিয়ে জেনেছি কেউ প্রাইভেট পড়ায় কিনা। কিন্তু কেউ প্রাইভেট পড়ায় না। প্রাইভেট পড়ানোর বিষয়টি খোঁজ নিয়ে জানতে পারলে এ বিষয়ে মন্ত্রণালয়ে লেখা হবে।
এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, খবর পেয়েছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। কোনো অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।