শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2022, 09:55 সকাল • 356 বার পঠিত
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬

পঞ্চগড়ের করতোয়া নদীতে পুণ্যার্থীদের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা শুধু বাড়ছেই। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। নিখোঁজ রয়েছেনে এখনো ৩০ জনের বেশি।
আজ মঙ্গলবার ভোরে নদী থেকে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার ও সোমবার গত দুই দিনে ৫২ জনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

গত রোববার মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে ফিরতে পারলেও অনেকেই নিখোঁজ থাকেন।

এখন পর্যন্ত ৫৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন বাদে বাকি সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সৎকারের জন্য ২০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।