পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট, ছাত্রলীগ নেতাকে পুলিশ খুঁজছে
ফেসবুকে পিস্তল হাতে ছবি দিয়েছিলেন পাবনার আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল (২৫)। তিনি একজন ছাত্রলীগ নেতা। পরে ছবি মুছে দিয়েছেন। কিন্তু তার আগে ছড়িয়ে পড়া ছবি নিয়ে আলোচনায় এসেছেন। সেই সূত্র ধরে পুলিশ এখন তাকে খুঁজছে। পুলিশ বলছে, তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তিনি গা ঢাকা দিয়েছেন।
পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে আবু বক্কারের বাড়ি। তার দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটিতে পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। অন্যটিতে হাতের ওপর পিস্তল। গতকাল বৃহস্পতিবার থেকে এই ছবি আলোচনায় এসেছে। তবে ছবি দুটি কবে নিজের প্রোফাইলে আবু বক্কার পোস্ট করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।
আবু বক্কার পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
আবু বক্কারের গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎই তিনি এই ছবি পোস্ট করেন। এর পর এর ওর ফেসবুক প্রোফাইলে তা ছড়িয়ে পড়তে থাকে। অনেকে মন্তব্যে সমালোচনা করতে থাকেন।
এভাবে বিষয়টি যখন আলোচনায় উঠে আসে তখন তা পুলিশের নজরে পড়ে। বিষয়টি নিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, এই ঘটনা তাদের নজরে আসার পর থেকে আবু বক্কারকে গ্রেপ্তার করার জন্য তারা খুঁজছেন। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক। তাদের আশা, শিগগিরই আবু বক্কারকে তারা গ্রেপ্তার করতে পারবেন।