শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পিকে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে চায় দুদক

মোহাম্মদ খাইরুল আমিন • 16 মে 2022, 07:51 বিকাল • 254 বার পঠিত
পিকে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে চায় দুদক

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে ভারত থেকে দেশে ফেরত আনতে কতোদিন সময় লাগবে তা এখনো নিশ্চিত নয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে ফেরত আনতে ইন্টারপোলের সঙ্গে তারা যোগাযোগ করেছে। ইন্টারপোলও দ্রুত সাড়া দিয়েছে। দুদকের ভারপ্রাপ্ত সচিব ও মহাপরিচালক সাঈদ মাহবুব খান এসব তথ্য জানিয়েছেন।

দেশ থেকে কয়েক হাজার টাকা আত্মসাত করে ২০১৯ সালে পালিয়ে যান পিকে হালদার। মনে করা হতো তিনি কানাডায় বসবাস করছেন। কিন্তু পরে জানা যায় নাম বদলে ভারতে অবস্থান করছেন। সেখানেই বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পিকে হালদারকে গ্রেপ্তার করে। তার পর থেকে ফের তিনি আলোচনায়। 

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাঈদ মাহবুব খান জানান, ‘প্রশান্ত কুমার (পি কে) হালদার গ্রেপ্তার হয়েছেন। ভারতে কিছু মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডও চাওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনে সকালে আমরা নিজেরা বসেছি এবং পরবর্তী কর্মকাণ্ড কী হবে, কমিশন থেকে এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘

ভারতের আদালত থেকে ইডি পিকে হালদারকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই অবস্থায় তাকে ফিরিয়ে আনতে কতোদিন সময় লাগতে পারে সে বিষয়ে নিশ্চিত নন জানিয়ে সাঈদ মাহবুব খান বলেন, ‘সেখান থেকে কতদিনের মধ্যে ফেরত আনা যায়, সেটা স্পেসিফিক বলা কঠিন। সেখানে মামলা বা এর বিচার কতদিন লাগবে। অথবা বিচারের আগেও ফেরত আনা যাবে কি যাবে না, এই বিভিন্ন বিষয়ের কারণে সময়ের বিষয়টি নির্দিষ্ট করে বলা যাবে না।’ 

এর ব্যাখ্যায় তিনি জানান, ‘ভারতে যেহেতু তারা বেশকিছু মামলা করেছেন, হয়ত আরও মামলা করবেন। দুই-একটা মামলায় রিমান্ডেও নিয়েছেন। এখন আমাদের দিক থেকে প্রেসার ও চেষ্টা থাকবে যে, যত দ্রুত তাকে আমরা আমাদের দেশে নিয়ে আসতে পারি। সেজন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ ও চেষ্টা অব্যাহত থাকবে।’

অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে ৩৪টি মামলা করেছে দুদক। এই তথ্য জানান সাঈদ মাহবুব খান। তিনি আরো বলেন, এসব মামলার মধ্যে কয়েকটির অভিযোগপত্র তৈরি করা হচ্ছে। আরো কিছু নতুন মামলা করা হবে।

পিকে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তার নেওয়া হচ্ছে জানিয়ে সাঈদ মাহবুব খান বলেন, ‘ইন্টারপোল খুব দ্রুত রি-অ্যাক্ট করেছে, তারা দ্রুতই আমাদের অনুরোধে প্রেক্ষিতে ভারতীয় ইন্টারপোল বডির সাথে যোগাযোগ করে আসামিকে ফেরত আনার পদক্ষেপ নিয়েছে।’