শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পিকআপভ্যান চাপায় নিহত দুই পোশাকশ্রমিক

মোঃ আল আমিন • 09 অক্টোবর 2023, 11:00 রাত • 187 বার পঠিত
পিকআপভ্যান চাপায় নিহত দুই পোশাকশ্রমিক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বইলর মডেল এলাকায় পিকআপভ্যানের চাপায় নিহত হয়েছেন দুই পোশাকশ্রমিক। আজ সোমবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন উপজেলার বইলর ইউনিয়নের উজান বইলর গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী মোছা. সুমি আক্তার (২৫) ও একই এলাকার আজিজুল মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী মোছা. আম্বিয়া বেগম (৩৫)। নিহতরা ভালুকা উপজেলায় একটি পোশাক করখানায় কাজ করতেন।

দুর্ঘটনার সময় নিহত আম্বিয়ার ছেলে ইয়াসিন (১৭) তাদের সঙ্গে ছিলেন। তিনি লাবিব নামের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই সকালে করখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সুমি আক্তার ও আম্বিয়া বেগম একসঙ্গে বের হন। মহাসড়ক পার হয়ে তারা সড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে কারখানার শ্রমিকবাহী বাসের অপেক্ষায় ছিলেন । সঙ্গে থাকা আম্বিয়া বেগমের ছেলে ইয়াসিন প্রকৃতির ডাকে সারা দিতে পাশেই একটি ওয়াশ রুমে যায়। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আম্বিয়া বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুমি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ আম্বিয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

আম্বিয়ার ছেলে ইয়াসিন বলেন, ‘আমরা একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে কোম্পানিতে যাচ্ছিলাম। বইলর মডেল এলকায় কোম্পানির পরিবহনের অপেক্ষায় ছিলাম। আমি জরুরি কাজ সারতে পাশে গিয়েছিলাম। দুই মিনিটের মধ্যে ফিরে এসে দেখি মায়ের নিথর দেহ পড়ে আছে সড়কে।’

স্থানীয় হিমেল তরফদার জানান, একই বাড়িতে দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, পিকআপভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। আম্বিয়া বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ও সুমি আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।