পি কে হালদারকে ফের আদালতে তোলা হচ্ছে
প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে আজ শুক্রবার ফের আদালতে তুলছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দুপুর ২টার পর তাকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতের স্পেশাল সিবিআই ১ নম্বর কোর্টে তোলা হবে।
জানা গেছে, পি কে হালদার ও তার সহযোগীদের আরো ১৪ দিন রিমান্ডে চাইতে পারে ইডি। এছাড়া আসামিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের আবেদনও করা হবে।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত করে ২০১৯ সালে পালিয়ে যান। ধারণা করা হতো, তিনি কানাডায় আছেন। কিন্তু গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে ইডি পি কে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। তারপর দুই দফা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গ্রেপ্তারের পর জানা যায়, পি কে হালদার ভারতে নাম বদলে শিব শঙ্কর হালদার নাম নিয়ে বসবাস করছিলেন। সেখানে বিপুল টাকা বিনিয়োগ করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পেয়েছে ইডি। এই সংক্রান্ত নথি তাদের হাতে এসেছে বলে জানায় তারা।
শিব শঙ্কর পরিচয় দিয়ে পি কে হালদার ভারতের বেশ কিছু সরকারি পরিচয়পত্র, যেমন পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, ভারতের ভোটার পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পিএএন (প্যান), নাগরিকত্বের পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি পরিচয়পত্র জোগাড় করেছিলেন। পিকে হালদার ও তাঁর অন্য সহযোগীরা একই কাজ করেছিলেন বলেও জানিয়েছে ইডি।
জানা গেছে, এইসব পরিচয়পত্রের সাহায্যে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংস্থা (কোম্পানি) পি কে হালদার ও তাঁর সহযোগীরা খুলেছিলেন। তাঁরা বিভিন্ন জায়গায় জমিজমাও কিনেছিলেন। কলকাতার বিভিন্ন অভিজাত এলাকাতেও তাঁদের বেশ কিছু বাড়ি রয়েছে।