শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে 

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মে 2022, 06:35 বিকাল • 351 বার পঠিত
পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে 

পিকে হালদারকে সময় মতো বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত। এমন ইঙ্গিত দিয়েছে তাকে গ্রেপ্তার করা কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেরে (ইডি) কর্মকর্তারা তেমনটাই জানিয়েছেন। 

আজ রোববার ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের কাছে ইডি কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২০১৬ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় পি কে হালদারকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একজন কর্মকর্তা আরো বলেছেন, শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। বাংলাদেশের শীর্ষ দখলদার ও খেলাপি। নিজের দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত করে ভারতে গিয়ে পালিয়ে ছিলেন। ২০১৯ সালে বাংলাদেশ ছাড়েন তিনি। শিবশংকর হালদার নাম নিয়ে ভারতে পরিচয়পত্র্ও তৈরি করেছেন। শনিবার তাকে গ্রেপ্তার করে ইডি।

ইডি জানাচ্ছে, ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধার সহায়তায় পি কে হালদার পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিপুল সম্পদ করেছেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থপাচারের মাধ্যমে ভারতে একাধিক অভিজাত বাড়িসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে খোঁজ পেয়েছে ইডি।

ইডি জানিয়েছে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ভুয়া কোম্পানির নামে বাংলাদেশের ব্যাংক থেকে ঋণ নেন হালদার এবং সেই অর্থ তিনি ভারতে পাচার করেন। এসব কোম্পানির কোনও অস্তিত্ব নেই। ব্যাংকগুলো একসময় পিকে হালদারের প্রতারণার বিষয়টি বুঝতে পারে এবং বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগ দায়ের করে। পরে বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়ে অনুসন্ধানে নামে ইডি।

পিকে হালদারকে গ্রেপ্তারের পর তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ইডি জানিয়েছে, তারা পিকে হালদারের কয়েকটি অভিজাত বাড়িসহ বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি উদ্ধার করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই তার ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে পিকে হালদার ভারতে পৌঁছান বলে ইডি জানতে পারে। ভুয়া ভারতীয় ভোটার, প্যান এবং আধার কার্ড সংগ্রহ করেছিলেন তিনি। শিবশঙ্কর হালদার নামে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বিপুল সম্পত্তি গড়েছেন তিনি।