পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার
পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, পান্তা-ইলিশ আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নয়, বরং এটি একটি আরোপিত সংস্কৃতি যা মূলত ঢাকাকেন্দ্রিকভাবে চালু হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫' উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, "পহেলা বৈশাখে ইলিশ খাওয়া একেবারেই অনুচিত, কারণ এই সময় জাটকা পাওয়া যায়, পরিপূর্ণ ইলিশ নয়। ফলে যারা এদিন ইলিশ খাচ্ছেন, তারা মূলত জাটকাই খাচ্ছেন এবং আইন লঙ্ঘন করছেন। বাজারে ইলিশ বিক্রিও এই সময় অবৈধ।"
তিনি আরও বলেন, "আমরা চাই এই সময়টাতে জাটকা সংরক্ষণের বিষয়ে মানুষ আরও বেশি সচেতন হোক। জাটকা রক্ষা করলেই ভবিষ্যতে পূর্ণাঙ্গ ইলিশ পাওয়া সম্ভব হবে।"
পান্তা-ইলিশের বদলে তিনি চৈত্র সংক্রান্তির দিনে প্রচলিত খাবার খাওয়ার পরামর্শ দেন। তার মতে, চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এদিন আমিষ পরিহার করে ১৪ রকমের শাক খাওয়ার রীতি রয়েছে। বিশেষ করে গিমা শাকসহ বিভিন্ন তেতো শাক খাওয়া হয়। এছাড়াও দই, চিড়া, বাতাসা, মিষ্টি, ছাতুর সরবত, ভাত, শাক-সবজি—এইসব খাওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি স্পষ্টভাবে বলেন, ১৪ এপ্রিল ইলিশ নয়, অন্য মাছ খান। আমাদের অনুরোধ, পান্তা-ইলিশ থেকে বিরত থাকুন এবং জাটকা রক্ষা করুন, ভবিষ্যতের জন্য ইলিশ সংরক্ষণ করুন।