পদ্মাসেতু উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত শরীয়তপুরবাসী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ,আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করা হবে। আর এ কথা শুনে আনন্দিত ও উচ্ছ্বসিত শরীয়তপুরবাসী।
এদিকে উদ্বোধনের খবরে মঙ্গলবার বিকেলে শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপুর নির্দেশনায় আনন্দ মিছিল করেছে শরীয়তপুর জেলা ও জাজিরা উপজেলা ছাত্রলীগ।
জাজিরার বাসিন্দা এমডি ওমর ফারুক, রুবেল হোসেন, রিয়াজ মাহমুদসহ অনেকেই বলেন, আমরা আগে ফেরি, লঞ্চ, ট্রলার ও স্পিডবোট দিয়ে ঢাকায় আসা-যাওয়া করতাম। এখন পদ্মাসেতু হওয়ায় সময় অনেক কম লাগবে। আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘোষণায় আমরা আনন্দিত-উচ্ছ্বসিত।
২০০১ সালের ৪ জুলাই পদ্মাসেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর। ২০১৫ সালের ১২ ডিসেম্বর মূল সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয় প্রথম স্প্যানটি। এটি বসানো হয় সেতুর জাজিরা প্রান্তে। সেই থেকে তিন বছর ২ মাস ১০ দিনে সেতুর সব স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো পদ্মাসেতু। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। প্রথম স্প্যান বসার পর শেষ স্প্যান বসতে সময় লাগে এক হাজার ১৬৭ দিন।