শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা সেতুতে দ্বিতীয় দিনে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

মোহাম্মদ খাইরুল আমিন • 28 জুন 2022, 06:28 বিকাল • 269 বার পঠিত
পদ্মা সেতুতে দ্বিতীয় দিনে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতুতে দ্বিতীয় দিনে টোল আদায় হয়েছে প্রায় দুই কোটি টাকার। মোটরসাইকেল সেতুতে নিষিদ্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে টোলে। যানবাহন পারাপারের মোট সংখ্যায় এটা যেমন প্রভাব ফেলেছে তেমন প্রভাব পড়েছে টোলের টাকাতেও। 

পদ্মা সেতু কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে ১৫ হাজার ২৭৪টি যানবাহন সেতু পার হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মনিটরিং) আবুল হোসেন সংবাদমাধ্যমকে এই বিষয় নিশ্চিত করেন। 

শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়। রোববার সকাল ৬টা থেকে সাধারণ গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত হয় সেতু। এরপর সোমবার সকাল ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় মোট ৬১ হাজার ৮৫৬টি যানবাহন সেতু পার হয়। আর ওই  সময়কালে টোল আদায় হয় ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।

দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় প্রায় পৌনে এক কোটি টাকা কম টোল আদায় হয়।

শেষ ২৪ ঘণ্টায় মাওয়ার দিক থেকে সেতু পার হয়েছে ৭ হাজার ৫৮৬টি যানবাহন। টোল আদায় হয় ৯৮ লাখ ১৮ হাজার ৫০ টাকা। জাজিরার দিক থেকে মোট যানবাহন উঠেছে ৭ হাজার ৬৮৮টি। আর টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা।