পদ্মা সেতু নিয়ে টিকটকে অপপ্রচার, যুবক কারাগারে
পদ্মা সেতু নিয়ে টিকটকে অপপ্রচার চালানোর অভিযোগে শরীয়তপুরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ বছর বয়সী হেলাল উদ্দিন ঢালীকে জাজিরা থানা পুলিশ আইসিটি আইনে গ্রেপ্তার করে। মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে এই হেলাল। তিনি পদ্মা সেতুর একটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। জাজিরা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা সোমবার পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। এক সময় তারা দেখতে পান, পদ্মা সেতুর একটি পিলারের কাছে দাঁড়িয়ে হেলাল বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও তৈরি করছেন। কাছে এসে জানতে চাইলে তিনি টিকটক ভিডিও বানাচ্ছেন বলে জানা যায়। তার মোবাইলে পদ্মা সেতু নিয়ে কিছু নেতিবাচক
ভিডিও পাওয়া যায়।
সেনা সদস্যরা আটক করার পর হেলাল অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়। জাজিরা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।
জাজিরা থানা সূত্রে জানা যায়, হেলাল সেতু নিয়ে বেশ কিছু অপপ্রচারমূলক ভিডিও বানিয়েছেন বলে স্বীকার করেছেন। সেসব ভিডিও তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন।