পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা গেল পরীক্ষামূলক ট্রেন
পদ্মা সেতু রেল যোগাযোগে নতুন এক সম্ভাবনার দুয়ারও খুলেছে। সেই দুয়ার দিয়ে পরীক্ষামূলক (ট্রায়াল রান) একটি ট্রেন চলল আজ। রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সেই পরীক্ষামূলক ট্রেন পৌঁছাল ফরিদপুরের ভাঙ্গায়।
আজ বৃহস্পতিবার দারুণভাবে স্মরণীয় এই ঘটনাটি ঘটেছে।
সকাল ১০টা ৭ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। এর পর দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি পৌঁছে যায় মাওয়া এলাকায়। তারপর ওঠে পদ্মা সেতুতে।
ট্রায়াল রান বলে ট্রেন চলেছে বেশ ধীর গতিতে। পদ্মা সেতু পার হতে ট্রেনটির সময় লাগে ৭ মিনিট।
দুপুর সোয়া ১২টার দিকেই এই ট্রেন পৌঁছে যায় ভাঙ্গায়। যেসব এলাকা দিয়ে ট্রেনটি চলেছে সেখানকার লোকজন হাত নেড়ে ট্রেনটিকে স্বাগত জানান। এর পর সেটি ভাঙ্গায় পৌঁছালে সেখানে অপেক্ষমান জনতা হাত নেড়ে ও স্লোগান দিয়ে ট্রেনটিকে বরণ করে নেন।
রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এই ট্রেনে ছিলেন। তার সঙ্গে ছিলেন রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। ভাঙ্গায় রেলমন্ত্রীর প্রেস বিফিঙের পর ট্রেনটির ঢাকার পথে ফিরে আসার কথা।
ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলপথ ৮২ কিলোমিটার। যে ট্রেনটি পরীক্ষামূলকভাবে সফর করল সেটিতে ইঞ্জিন ও ৮টি বগি রয়েছে।
জানা যায়, আগামী অক্টোবর মাসের ১০ তারিখ ঢাকা থেকে ভাঙা (পদ্মা সেতু হয়ে) আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নতুন রেলপথ উদ্বোধন করার কথা আছে।
পদ্মা সেতু হয়ে অচিরে যশোর যাবে ট্রেন। এই রেলপথ হবে ১৭২ কিলোমিটার। নির্মাণ হচ্ছে পথ। আগামী বছরের জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোরের ট্রেন চালু করার পরিকল্পনা আছে। তার আগে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হচ্ছে।