শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পছন্দের সেনাদের নিয়ে নিরাপত্তা দল সাজাচ্ছেন ট্রাম্প

মোহাম্মদ খাইরুল আমিন • 17 ফেব্রুয়ারি 2025, 09:11 রাত • 132 বার পঠিত
পছন্দের সেনাদের নিয়ে নিরাপত্তা দল সাজাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে সাবেক সেনা কর্মকর্তাদের বসানোর ধারা অব্যাহত রেখেছেন। তাঁর নতুন জাতীয় নিরাপত্তা দলে অন্তর্ভুক্ত হয়েছেন বেশ কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা, যারা একসময় ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন।

বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। এদের মধ্যে ওয়ালৎস ছাড়া কেউই ৫০ বছরের বেশি বয়সী নন, এবং তারা সবাই মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে এসেছেন প্রশাসনে।

নতুন সেনা কর্মকর্তারা পূর্ববর্তী প্রশাসনের উচ্চপদস্থ জেনারেলদের মতো বহুপাক্ষিক সামরিক জোট ন্যাটোর প্রতি অতটা আগ্রহী নন। 

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ন্যাটোকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিতে আহ্বান জানিয়েছেন এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি তুলেছেন।

এদিকে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইউরোপীয় মিত্রদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় রাশিয়া ও চীনের হুমকিকে কম গুরুত্ব দিয়েছেন। বরং তিনি ইউরোপের গণতান্ত্রিক সরকারগুলোর বাকস্বাধীনতার দমন ও অতি-ডানপন্থীদের প্রতি অবজ্ঞার নীতির সমালোচনা করেছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে বেশ কয়েকজন উচ্চপদস্থ জেনারেল প্রশাসনের শীর্ষ পদে ছিলেন, কিন্তু তাদের কার্যক্রম প্রায়ই ট্রাম্পের জন্য হতাশাজনক ছিল। এবার তিনি উচ্চপদস্থ জেনারেলদের বাদ দিয়ে তুলনামূলক নিম্ন পর্যায়ের সাবেক সেনা কর্মকর্তাদের দায়িত্ব দিচ্ছেন, যারা ট্রাম্পের প্রতি বেশি অনুগত বলে মনে করা হচ্ছে।

একজন সাবেক কর্মকর্তা জানান, ট্রাম্প এমন ব্যক্তিদের খুঁজছেন যারা তাঁর সিদ্ধান্তের প্রতি অনুগত থাকবে এবং তাঁর নির্দেশনা মেনে চলবে। এতে করে তিনি প্রশাসনের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজের হাতে রাখতে পারবেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই নিরাপত্তা দল ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ন্যাটো এবং আন্তর্জাতিক নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে আলাদা হতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকার ক্ষেত্রেও নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে।

ট্রাম্পের নতুন প্রশাসন গঠনের প্রক্রিয়া এগিয়ে চললেও, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক নীতিতে কী প্রভাব ফেলবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।