পাটুরিয়া ঘাটে এখনো চাপ নেই তেমন
অন্যান্য ঈদে এই সময়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের ওপর যেমন চাপ পড়ে এবার বুঝি তার চেয়ে চাপ কিছুটা কম। ঈদে বাড়ি ফেরার আদর্শ দিন আজ বৃহস্পতিবার। আর সেই দিনে প্রচণ্ড জ্যামে থেমে নেই পথ।
জানা গেছে, গাবতলী থেকেই বাসের চাপ খুব কম। সেখানে যাত্রীচাপ নেই। কাউন্টারগুলোও প্রায় ফাঁকা। যাত্রী সংকটে কিছু কিছু দূরপাল্লার বাসের শিডিউল বাতিল করা হচ্ছে।
পাটুরিয়া ফেরি ঘাটে অবশ্য সকাল থেকে ছোট গাড়ির বেশ চাপ। সেগুলোর সমাধান হচ্ছে। ২০টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। অনেক ভালোভাবে চলছে বলে বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের কর্মকর্তাদের দাবি।
অবশ্য বেলা বাড়ার সঙ্গে চাপ কিছুটা বাড়ার ইঙ্গিত আছে। সকাল থেকে ছিল ঈদে ঘরমুখো মানুষের ব্যক্তিগত গাড়ির চাপ। বড় গাড়ির চাপ কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে বড় গাড়ির চাপও কিছুটা বাড়ছে।
পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখো গেছে, ঘাট থেকে দুই কিলোমিটারের মতো এলাকা জুড়ে ছোট-বড় গাড়ি আর জরুরি পণ্যের ট্রাকের সারি। সবাই অপেক্ষায় ফেরি পার হওয়ার।
বিভিন্ন উপায়ে মানুষ বাড়ি ফিরছেন। সরাসরি বড় গাড়ির যারা টিকিট কেটেছেন তারা তো আছেনই। এর বাইরে গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত আছে বাস সার্ভিস। তেমন বাসে অনেকে চলে এসেছেন। নদী পার হয়ে ওপার থেকে আবার নিজের গন্তব্যের গাড়ি ধরবেন।
অনেকে তো নিজেদেরে গাড়িতে করে চলে আসছেন। ঘাট পেরিয়ে ওই গাড়িতেই ঘরমুখো হবেন। আবার অনেক ছোট গাড়ি ভাড়া খাটছে। সেগুলোতে করে অনেক যাত্রী চলে আসছেন ঘাট পর্যন্ত। সেখান থেকে নদী পার হয়ে আবার নতুন গাড়ি ধরবেন। অনেকে অবশ্য ছোট গাড়ির সঙ্গেই ঠিকানা পর্যন্ত যাওয়ার চুক্তি করে নিয়েছেন।