পানিবন্দি বহু মানুষের চরম দুর্ভোগ
দেশের বিভিন্ন স্থানে বন্যায় পানিবন্দি হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছে হাজার হাজার মানুষ। দুর্গত এলাকায় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শুকনা খাবার ও গো-খাদ্যের। রংপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও মুন্সীগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। আর কুড়িগ্রাম ও মানিকগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এদিকে উত্তরের জেলা গাইবান্ধা, নীলফামারী ও সিরাজগঞ্জের পরিস্থিতি উন্নতির দিকে।
অনেকের বসতঘরে হাঁটুপানি। ফলে রান্না-বান্না ও প্রাকৃতিক কাজ নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। তার ওপর গবাদিপশু নিয়েও পড়েছেন বিপদে। অনেকে গরু-ছাগল নিয়ে বাঁধের ওপর বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
এছাড়া বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হয়ে গেছে কয়েকশ’ বসতঘর ও বহু ফসলি জমি। কিছু দুর্গত এলাকার ত্রাণ বিতরণ করা হলেও অনেকেই ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বন্যায় ডুবে গেছে গ্রামীণ সড়ক, ক্ষেতের ফসল।