শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2026, 02:29 দুপুর • 156 বার পঠিত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত দুই দিনে জঙ্গিদের ধারাবাহিক হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। অস্থির সীমান্ত অঞ্চলে এটাই সাম্প্রতিক সহিংসতার সর্বশেষ ঘটনা।

এর কয়েক দিন আগে আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে গোলাগুলি ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করে। পেশোয়ার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

প্রাদেশিক রাজধানী পেশোয়ারভিত্তিক ওই কর্মকর্তা জানান, আরও দুই পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে, তারা এখনও নিখোঁজ।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে। ২০২১ সালে কাবুলে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সংগঠনটি পাকিস্তানে হামলা বাড়িয়েছে।

এদিকে অঞ্চলটিতে চারটি পৃথক অভিযানে ২৬ জন জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। তাদের দাবি, এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বেলুচিস্তানে সহিংসতা বেড়েছে। সড়কপথে বোমা হামলা, অতর্কিত আক্রমণ ও অভিযানে নিরাপত্তা বাহিনী প্রায়ই লক্ষ্যবস্তু হচ্ছে। এতে দুই দেশের মধ্যে আগেই টানাপোড়েন থাকা সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।

মারাত্মক আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তপারের জঙ্গি আস্তানায় একাধিকবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এতে কাবুলের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।