পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্ককে আরও সক্রিয় করার উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জামায়াত নেতা তাহের বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সেগুলো দুই দেশের সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি, সরকার যথাযথভাবে এসব বিষয় আলোচনায় তুলবে।”
তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। তবে এখন সময় এসেছে প্রতিবেশী সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার। তাহেরের ভাষায়, “এই অঞ্চলে শান্তি ও উন্নয়নের জন্য সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার। সে ব্যাপারে উভয় পক্ষই জোর দিয়েছে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গ আসলেও তা নিয়ে তেমন আলোচনা হয়নি বলে জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, “নির্বাচন কবে, কীভাবে হবে—এটা প্রাসঙ্গিকভাবে এসেছে। তবে মূল আলোচনায় আসেনি।”
তাহের আরও জানান, বৈঠকে মুসলিম বিশ্বে চলমান সংকট ও মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।
আগামীকাল সরকারের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধিদলের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।