শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি ভারতের বিরুদ্ধে

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 04 মে 2025, 05:01 বিকাল • 296 বার পঠিত
পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি ভারতের বিরুদ্ধে

রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারত পাকিস্তানে হামলা চালায় অথবা সিন্ধু নদের পানির প্রবাহে বাধা দেয়, তবে পাকিস্তান তার সামরিক শক্তি পুরোপুরি ব্যবহার করবে, এমনকি পারমাণবিক অস্ত্রও ব্যবহার করতে দ্বিধা করবে না।

৩ মে রুশ সম্প্রচারমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামালি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, যার জন্য পাকিস্তান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে। তিনি বলেন, কিছু ফাঁস হওয়া নথি থেকে তারা জানতে পেরেছে যে ভারত পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করেছে। এ পরিস্থিতিতে পাকিস্তান তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে, যা সাধারণ ও পারমাণবিক অস্ত্র উভয়ই হতে পারে।

এছাড়া, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে জামালি সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু নদের পানির প্রবাহ আটকে দেয় বা চুক্তি লঙ্ঘন করে, তবে পাকিস্তান এটিকে যুদ্ধ ঘোষণার সমতুল্য মনে করবে এবং পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে।

পূর্বে, পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতকে পরমাণু প্রতিশোধের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তানের অস্ত্রাগারে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো শুধুমাত্র ভারতের দিকে তাক করা।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও সতর্ক করেছেন যে, ভারতের সামরিক অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে এবং পাকিস্তান সে জন্য প্রস্তুত থাকবে।