পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সৌদি আরবের যুবরাজের ফোনালাপ
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মার্চ 2021, 11:50 দুপুর
•
233 বার পঠিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার ফোনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সেই সঙ্গে ইমরান খানকে সৌদি সফরের আমন্ত্রণ জানান যুবরাজ। আর ইমরান খান সৌদির নেয়া সবুজ মধ্যপ্রাচ্যের উদ্যোগের প্রশংসা করে একটি চিঠি লিখেছেন বলে জানান।
প্রধানমন্ত্রী ইমরান খান তার চিঠিতে লিখেছেন, আপনারা এই মহামারি থেকে নিরাপদ আছেন জেনে আমি খুবই আনন্দিত। এ ছাড়া আপনারা যে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন তা খুবই সময়োচিত উদ্যোগ, যা প্রকৃতিকে রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
তিনি লেখেন, টেকসই উন্নয়নের জন্য সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। এ সময় ইমরান দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে গুরুত্বারোপ করেন।