শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজের প্রতিদ্বন্দ্বী কুরেশি 

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2022, 06:02 বিকাল • 758 বার পঠিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজের প্রতিদ্বন্দ্বী কুরেশি 

ইমরান খান ক্ষমতা হারানোর পর পাকিস্তানের এখন নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার পালা। সেই ধারাবাহিকতায় আজ রোববার ছিল প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলের দিন। নতুন প্রধানমন্ত্রী হতে আলোচনায় সবচেয়ে এগিয়ে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র জমা দেন সদ্য-ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও।

সোমবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন বসছে। স্থানীয় সময় দুপুর ২টায় অধিবেশন শুরু হবে বলে জানানো হয়েছে। আর সোমবারই বিকেল তিনটায় জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

আজ রোববার দুপুর ২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল। দুপুর ৩টা পর্যন্ত ছিল তা যাচাই বাছাইয়ের সময়।

এর আগে শনিবার দিনভর চলেছে নানা নাটক। এর পর মধ্যরাতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিরতা চলছিল। এ প্রেক্ষাপটে শনিবার রাতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশনে তাঁর বিরুদ্ধে আনা বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।

ভোটাভুটিতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। ৩৪২ আসনের জাতীয় পরিষদে প্রস্তাবটি পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট।

পাকিস্তানে এ পর্যন্ত কোন প্রধানমন্ত্রীই তার পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। তবে এভাবে অনাস্থার মাধ্যমে ইমরান খানই প্রথম তার প্রধানমন্ত্রিত্ব হারালেন। তিনি ছিলেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী।