পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৩০ রুপি
পাকিস্তানে হঠাৎ করে প্রতি লিটারে পেট্রোল-ডিজেল-কেরোসিনের দাম বেড়েছে ৩০ রুপি করে। গত বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এই ঘোষণা দেন।
আজ শুক্রবার মধ্যরাত থেকেই এই বর্ধিত দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
এদিকে আরও জানা যায় ,কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটারে ৩০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
মিফতাহ ইসমাইল আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরায় শুরু করার জন্য মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.১৫ রুপি, কেরোসিন তেলের দাম ১৫৫.৫৬ রুপি এবং লাইট ডিজেলের দাম ১৪৮.৩১ রুপিতে।
ইসমাইলের দাবি, পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে আর কোনো উপায় ছিল না। এমনকি মূল্যবৃদ্ধির পরও প্রতি লিটার ডিজেলে সরকার ৫৬ রুপি ক্ষতি বহন করছে বলেও জানান তিনি।
পাকিস্তানের এই অর্থমন্ত্রী আরো বলেন, পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রতিক্রিয়া সম্পর্কে সরকার সচেতন ছিল। তার ভাষায়, আমরা সমালোচনার মুখোমুখি হবো, তবে রাষ্ট্র ও এর স্বার্থ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের রক্ষা করা প্রয়োজন।