পাক সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন না সৌদি যুবরাজ
কাশ্মীর ইস্যুতে ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে রিয়াদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় সৌদির সঙ্গে সম্পর্কের বেশ অবনতি ঘটেছে পাকিস্তানের। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে সম্পর্কের তিক্ততা কমানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সাক্ষাৎ পাননি তিনি।
মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ না হলেও তার ছোট ভাই দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী শেখ খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক হয় পাক সেনাপ্রধানের। এছাড়া সৌদি সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি।
চলতি মাসের শুরুতে কাশ্মীর ইস্যুতে সৌদি প্রভাবিত ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের কাউন্সিল আয়োজনে সময় নষ্ট না করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওআইসি যদি ওই কাউন্সিল আয়োজনে ব্যর্থ হয়, তবে কাশ্মীর ইস্যুতে যেসব দেশ আমাদের সমর্থন করছে, তাদের নিয়ে একটি বৈঠক আয়োজনে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব। সেটা ওআইসি কিংবা অন্য যে কোনো ফোরামের মাধ্যমে হতে পারে।’
পাকিস্তান এমন অভিযোগ তোলার পর ইসলামাবাদকে দেয়া ঋণ ও জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করে দেয় রিয়াদ। যা দুই মিত্র দেশের সম্পর্কের অবনতির নতুন মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে।