পাচারের সময় ৪৮ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় নারী ও শিশুসহ ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তাদের পাচারের সময় উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জন দালালকেও।
উখিয়া থানার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের সামনে থেকে ওই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার মোহাম্মদ ইউনুস ওরফে ফকিরের ছেলে মোহাম্মদ আলী জোহার (২৮), একই এলাকার মোহাম্মদ জালালের ছেলে ইমাম হোসেন (৩৫), জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ জোবায়ের (২০) ও মো. আয়ুব আলীর ছেলে মোহাম্মদ আয়াজ (১৯), পালংখালী ইউনিয়নের ভাদিতলা এলাকার মোহাম্মদ রুবেল (১৯), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার ফজল আহমদ (৬৫)।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, তাদের কাছে খবর ছিল যে পাচারের উদ্দেশে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে রোহিঙ্গাদের বহনকারী একটি বাস আসবে। সেই অনুযায়ী উখিয়া সদরের সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের সামনে পুলিশের একটি অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়।
ওসি জানান, ‘বাসটি পৌঁছালে সেখান থেকে ১৭ নারী, ২২ জন পুরুষ, ছয়জন মেয়ে শিশু ও তিনজন ছেলে শিশুকে উদ্ধার করা হয়। পাচারকাজে জড়িত সন্দেহে বাসটির চালকসহ ছয়জনকে আটক করা করা হয়। বাসটিও জব্দ করা হয়েছে।’
উদ্ধার কর রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ।