পাবনা: টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫৭ কিশোর
পাবনা সুজানগর উপজেলায় জামাতের সঙ্গে টানা ৪০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৫৭ শিশু-কিশোরকে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।
গত (২৪ মে) উপজেলা পৌর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাইকেল দেওয়া হয়।
জানা যায় শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতে ও আদর্শ প্রজন্ম গঠনের লক্ষ্যে শহীদ ডা. এ. কে মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় পুরস্কার দিয়ে তাদের উৎসাহিত করা হয়। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে একটি করে সাইকেল দিয়েছেন তারা।
মাদকমুক্ত সমাজ ও শিশু-কিশোরদের সুন্দর চরিত্র গঠন করতে এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এমন উদ্যোগ যেন দেশের সব মসজিদেই নেওয়া হয়, সেই আশা ব্যক্ত করেন আয়োজকরা।
মোশফিকুর রহমান সাচ্চু বলেন, সুজানগর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ ডা. এ. কে মোহাম্মদ আলীর নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান মোবারক হোসেন জুয়েলের সার্বিক সহযোগিতায় গত প্রায় দেড় মাস আগে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। যেখানে সুজানগর পৌরসভার ৬৩ জন শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্যে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হন ৫৭ কিশোর। মঙ্গলবার সেই ৫৭ কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।