অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
শেরপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে নালিতাবাড়ীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত বকুল ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।
গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান বকুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এভাবে কিছু সময় অতিবাহিত হলে ফিরে না আসায় তার স্ত্রী খোঁজ নিতে গিয়ে দেখেন তার স্বামী বকুলের নিথর দেহ পড়ে আছে। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন বকুলকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।