শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অসুস্থ আবু সাঈদের বাবা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

মোহাম্মদ খাইরুল আমিন • 11 ডিসেম্বর 2024, 11:50 দুপুর • 179 বার পঠিত
অসুস্থ আবু সাঈদের বাবা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

বুধবার সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

মকবুল হোসেনের হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, গত ৭ ডিসেম্বর জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুরের সিএমএইচে ভর্তি হন মকবুল হোসেন।

পরবর্তীতে, হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়।

“সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য আর্মি হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এ ঘটনায় ১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।

গত ২৮ নভেম্বর ঢাকায় এসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে গিয়েছিলেন মকবুল হোসেন ও আবু সাঈদের পরিবারের সদস্যরা।