অস্ত্র ও ইয়াবাসহ ৭০ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র ও বার্মিজ ইয়াবাসহ আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ওরফে মনিরকে গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুরের আদাবর এলাকার ১/২ পিসিকালচার হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মনিরের বিরুদ্ধে দখল, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-২ এর কর্মকর্তা মো. মামুন।
তিনি বলেন, ‘মনিরের সন্ত্রাসী বাহিনী দিয়ে মোহাম্মদপুরের শেখেরটেক ও বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যানসহ আশেপাশে দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তার লাইসেন্স করা অস্ত্র থাকলেও সেটি দিয়েই অপকর্ম করতো।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত তার নানা অপকর্মের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করা হয়। মনিরের সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেসব বিষয়ে র্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রায় দেড় দশক আগে মোহাম্মদপুর এলাকার বিএনপির ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ ব্যাপারীর হাত ধরে দখলবাণিজ্যে মনিরের হাতেখড়ি। স্থানীয় কয়েক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে হাত করে চাঁদাবাজি ও দখল বাণিজ্য চালাতেন তিনি।