শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের যাবজ্জীবন

অনলাইন নিউজ পোর্টাল • 28 সেপ্টেম্বর 2020, 05:25 বিকাল • 245 বার পঠিত
অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের যাবজ্জীবন

অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার এক নম্বর মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় দেন।

মামলায় সাহেদকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় যাবজ্জীবন ও (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুটি সাজা একত্রে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই অস্ত্র বাজেয়াপ্ত ও যে গাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তার মালিকানা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর একই আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করা হয়েছিল।  

গত ২৭ আগস্ট এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এরপর ওইদিনই এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এরপর গত ১০ সেপ্টেম্বর মামলার বাদী গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এসএম গাফফারুল আলমের জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলাটির রাষ্ট্রপক্ষের মোট ১৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর আসামির আত্মপক্ষ সমর্থন ও উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ সেপ্টেম্বর মামলার বিচার কাজ শেষ হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষে যাবতীয় সাক্ষ্যপ্রমাণ আদালতে তুলে ধরেছি। আমাদের প্রত্যাশা অনুযায়ী আসামির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।