অস্থায়ীভাবে রাজতন্ত্রের সংবিধান গ্রহণ করবে তালেবান
ক্ষমতাসীন তালেবান আফগানিস্তানের ১৯৬৪ সালের রাজতান্ত্রিক সংবিধান অনুযায়ী সাময়িকভাবে দেশটি পরিচালনা করবে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তালেবান নেতৃত্ব। ওই সংবিধান অনুযায়ী, নারীদের ভোটাধিকার ছিল। তবে তালেবান বলছে, কোনো কিছু তাদের মনমতো না হলে সেটা বাতিল করবে তারা।
তালেবানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী আবদুল হাকিম শারায়ি এক বিবৃতিতে বলেছেন, তারা আফগানিস্তানের ‘গণতন্ত্রের স্বর্ণযুগ’ হিসেবে পরিচিত সময়ের সংবিধানে ফিরে যাবে। ওই সংবিধান হবে স্বল্প সময়ের জন্য। তবে প্রয়োজনমতো ওই সংবিধানে সংশোধনী আনবেন তারা। তালেবানের বিচারমন্ত্রী আরও বলেন, ইসলামিক আমিরাত আফগানিস্তান সাবেক বাদশাহ জহির শাহের আমলের সংবিধানকে সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রহণ করবে। তবে ওই সংবিধানের কোনো অনুচ্ছেদ ইসলামি শরিয়া আইনের পরিপন্থী এবং ইসলামি আমিরাতের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করা হবে।