অশনির দাপট শেষ
ঘুর্ণিঝড় অশনির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে যে হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছিল তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে জানা গেছে, অশনি এখন সাধারণ এক দুর্বল নিম্নচাপ। এটি ভারতের অন্ধ্রপ্রদেশে শেষ হয়ে গেছে।
প্রথমে অশনি ছিল প্রবল ঘুর্ণিঝড়। তারপর তা পরিণত হয় সাধারণ ঘুর্ণিঝড়ে। সেটি গভীর নিম্নচাপ থেকে শেষমেষ সাধারণ নিম্নচাপ হয়ে শেষ হলো। অশনি শেষ হয়ে গেলেও এর প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশের নানা প্রান্তে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল শুক্রবার পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় এর প্রভাবে বৃষ্টি হতে পারে।
গত এক সপ্তাহ ধরে আলোচনায় অশনি। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবশ্য শুরুতেই জানিয়েছিল, এটির বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে অশনি নিয়ে সতর্কতা ছিল। এদেশের মতো সতর্ক ছিল ভারতও। তবে তাদের অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলেই নিজের ক্ষমতা হারিয়েছে।
আজ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে তাদের ২০তম বিশেষ বার্তায় জানায়, ভারতের অন্ধ্র উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে বৃহস্পতিবার সকাল ৬টায় উপকূলীয় অন্ধ্র প্রদেশের স্থলভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে।