শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অসহযোগ আন্দোলনের হুমকি দিলেন ইমরান খান

মোহাম্মদ খাইরুল আমিন • 07 ডিসেম্বর 2024, 11:24 দুপুর • 207 বার পঠিত
অসহযোগ আন্দোলনের হুমকি দিলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার ডাক দেওয়ার পাশাপাশি অসহযোগ আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েক দিন পরই এ হুমকি দিলেন ইমরান খান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খান আগামী ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে দলীয় সমাবেশে যোগ দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন।

পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এ প্রদেশের ক্ষমতায় আছে ইমরান খানের দল পিটিআই।

গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পিটিআই এর সমাবেশে অন্তত ১২ জন সমর্থক নিহত এবং গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতায় ৮ জন নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান।

তাছাড়া, গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতা-কর্মীদেরও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইমরান বলেছেন, এ দুই দাবি পূরণ না হলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে এবং এর যে কোনও পরিণতির জন্য সরকার দায়ী থাকবে।

তবে পাকিস্তান সরকারের দাবি, গত ২৫ নভেম্বর পিটিআই-য়ের বিক্ষোভের প্রাণহানি ঘটেনি। আর গত বছর ৯ মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

গত বছর ৯ মের ওই সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে বৃহস্পতিবার নতুন মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে ইমরান খান এ মামলায় দোষ অস্বীকার করেছেন।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। কিছু মামলায় সাজা হওয়ার পর গত বছর থেকে তিনি কারাবন্দী।