অর্থনীতি সচল রাখতে ফের লকডাউনের কথা ভাবছে না সরকার
অনলাইন নিউজ পোর্টাল
•
23 সেপ্টেম্বর 2020, 07:16 সকাল
•
249 বার পঠিত
অক্টোবর-নভেম্বরে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে সরকার। এ পরিস্থিতি তৈরি হলেও ফের লকডাউন বাস্তবায়ন করবে না সরকার।
বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশেও পুনরায় সংক্রমণের আশঙ্কা রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অর্থনীতি সচল রাখতেই পুনরায় লকডাউনের কথা ভাবছে না সরকার।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অর্থনীতি সচল রাখতে ফের লকডাউনের কথা ভাবছে না সরকার। তবে করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। সবাইকে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, বিমানবন্দরে মানুষের ঢোকা ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে। এছাড়া মসজিদ, মার্কেটসহ সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করতে প্রয়োজনে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।