‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগের জেরে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগের জেরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে এবং তা ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।
নিউইয়র্ক গভর্নরের আদেশে স্থানীয় সময় শুক্রবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল বলেন, এখনো করোনার উদ্বেগজনক ধরন ওমিক্রন নিউইয়র্কে শনাক্ত হয়নি। তবে স্বাস্থ্য বিভাগকে হাসপাতালের জরুরি প্রয়োজন নয় এমন এবং কম জরুরি পদ্ধতিগুলো সীমিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সরবরাহ করার বিষয়ও থাকছে তাতে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।