ওবায়দুল কাদের শঙ্কামুক্ত: বিএসএমএমইউ উপাচার্য
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, টানা রাজনৈতিক কর্মসূচির কারণে উনি অনেক পরিশ্রম করেছেন। ওনার একটু বিশ্রাম প্রয়োজন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অধ্যাপক শরফুদ্দিন আহমেদ বলেন, ২০১৯ সালের মার্চ মাসে অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত বিএসএমএমইউতে মেডিকেল চেকআপ করেন ওবায়দুল কাদের। আজও উনি চেকআপে এসেছিলেন। এ সময় আমাদের ১০ জনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তারা বলেছেন,উনি বেশি পরিশ্রম করেছেন। তাই বিশ্রাম দরকার। চিকিৎসকদের পরামর্শে তাকে ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।
শরফুদ্দিন বলেন, আমরা একটু আগে দেখে এসেছি উনার অক্সিজেন স্যাচুরেশন ৯৯। হৃৎস্পন্দন ৭৩। তার মানে সব স্বাভাবিক। বয়সের কারণে তার ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপ রয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, আশা করছি ওষুধে তিনি ঠিক হয়ে যাবেন। তিনি শঙ্কামুক্ত।
তিনি বলেন, আগামীকাল সকাল ১০ টায় মেডিকেল বোর্ড তাকে পুনরায় দেখবে। সেসময় পরবর্তী আপডেট জানানো হবে।