অন্তর্বর্তী সরকার দেশ চালাবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান
তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেছেন, “সমস্ত হত্যা, সমস্ত অবিচারের বিচার আমরা করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আপনারা আশাহত হবেন না।”
“আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন যত দাবি আছে পূরণ হবে। আপনারা সব ধরনের সহযোগিতা করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। ইনশাআল্লাহ সব দাবি পূরণ করব। শান্তি ফিরিয়ে আনব। আপনারা সহযোগিতা করেন।”
তিনি বলেন, “একসাথে কাজ করলে আমরা সুন্দর পরিস্থিতির দিকে যাব। মারামারি করে আর কিছু পাব না। ধ্বংসযজ্ঞ, অরাজকতা থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে যাব। প্রতিটি হত্যার বিচার হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন তিনি।
রাজনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার বিষয়ে সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন।
বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না বলেও জানান সেনাবাহিনীর প্রধান।
তিনি বলেন, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে (রাষ্ট্রপতির কাছে) যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।
এসময় ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন সেনাবাহিনী প্রধান।