শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অনলাইন কেনাকাটায় ভয়ঙ্কর প্রতারণা

অনলাইন নিউজ পোর্টাল • 15 ডিসেম্বর 2020, 10:30 দুপুর • 264 বার পঠিত
অনলাইন কেনাকাটায় ভয়ঙ্কর প্রতারণা

কলেজ শিক্ষার্থী সিফাত হোসেন (১৮)। সামাজিক যোগাযোগ মাধ্যমে কম দামে ‘দামি’ ফোন মিলবে এমন একটি চটকদার বিজ্ঞাপন তার চোখে পড়ে। সিফাত পরিবারের সঙ্গে কথা বলে ১৫০ টাকা দিয়ে অনলাইনে সেই ফোনের অর্ডার করেন। বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি হয় বাকি ৭ হাজার ৫০০ টাকা এসএ পরিবহন থেকে পার্সেল গ্রহণ করে দেয়ার জন্য।

নির্ধারিত একটি তারিখে সিফাত টাকা দিয়ে এসএ পরিবহনের একটি শাখা থেকে মোবাইলের একটি বক্স নিয়ে আসেন। বাসায় এসে সিফাত বক্সটি খুলে দেখেন ভেতরে ভাঙাচোরা কম দামের একটি মোবাইল ফোন। সঙ্গে সঙ্গে সিফাত মোবাইল বিক্রেতা ওই সাইটের এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। তারা সিফাতকে জানায়, ভুল করে ওই পণ্যটি পাঠানো হয়েছে।


তবে আরো ২ হাজার টাকা দিলে অর্ডার করা পণ্যটি পাঠানো হবে। উপায়ন্তর না পেয়ে সিফাত আবার দুই হাজার টাকা তাদেরকে পাঠান। কিন্তু পরবর্তীতে তারা আর কোনো মোবাইল পাঠায়নি। অনেকবার তাদের সঙ্গে যোগাযোগ করে লাভ হয়নি।

করোনাকালে ঘরবন্দি মানুষকে টার্গেট করে এমন ভয়ঙ্কর অনলাইন প্রতারণা করছে কয়েকটি চক্র। অনলাইনে বিভিন্ন পণ্যর চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা নিম্ন্নমানের পণ্য পাঠিয়ে আবার অনেক সময় প্রকৃত পণ্য না দিয়ে আলু/পটল/পিয়াজের মতো পণ্য পাঠিয়ে প্রতারণা করছে। আর গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

অনলাইন সাইটে পণ্যের অর্ডার করে প্রতারণার শিকার এখন হাজার হাজার মানুষ। এসব ভুক্তভোগী অভিযোগ দেয়ার মতো জায়গাও খুঁজে পাচ্ছেন না। বড়জোর থানায় একটি জিডি করে রাখছেন। অথচ প্রতারণা করে চক্রের সদস্যরা লাখ লাখ টাকার মালিক হয়ে যাচ্ছে। বড় ধরনের প্রতারণা করেও তারা অনেক সময় আইনের আওতায় আসছে না।