অক্সফোর্ডের টিকা বাংলাদেশে আমদানি ও ব্যবহারের অনুমোদন
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস টিকা দেশে আমাদানি ও ব্যবাহারের অনমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, আমরা বেক্সিমকোকে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছি। তারা চাইলে এখন টিকা আনতে পারবে।
অধিদপ্তরের উপ-পরিচালক আইয়ুব হোসেন বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানি ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন একটি দীর্ঘ প্রক্রিয়া। তাই বেক্সিমকোর আবেদনের পর এনওসি দেওয়া হয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেই টিকা সেরামের কাছ থেকে বাংলাদেশে সরবরাহের দায়িত্বে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। একটি ত্রিপক্ষীয় চুক্তি রয়েছে এখানে।
এ টিকা সেরাম তৈরি করবে ‘কোভিশিল্ড’ নামে। টিকাটি কেনার জন্য সরকার গত ১৩ ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি টিকা পাওয়ার কথা বাংলাদেশের।