অহেতুক সড়ক অবরোধ এড়িয়ে চলার আহ্বান ডিএমপির
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীর স্বার্থে অহেতুক সড়ক অবরোধ না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে। আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল নিজেদের দাবিদাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ সড়ক অবরোধ করছে। এর ফলে ঢাকা শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষদের মারাত্মক দুর্ভোগে ফেলছে। এছাড়া, বিদেশগামী যাত্রী এবং জরুরি রোগী পরিবহনেও ব্যাঘাত ঘটছে।
ডিএমপি জানায়, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অকারণে সড়ক অবরোধ করায় জনভোগান্তি বাড়ছে। এজন্য সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীর স্বার্থ রক্ষায় এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সবাইকে অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।