শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অবশেষে এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছেন জানুয়ারির বেতন

ওএনপিনিউজডেস্ক২৪ • 06 মার্চ 2025, 11:55 দুপুর • 103 বার পঠিত
অবশেষে এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছেন জানুয়ারির বেতন

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে বেতন পেয়েছিলেন। তবে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন আটকে ছিল। মার্চে এসে জানুয়ারি মাসের বেতন প্রদান শুরু করেছে সরকার।

৫ মার্চ (বুধবার) অনেক শিক্ষক-কর্মচারী তাদের জানুয়ারি মাসের বেতন পেয়েছেন বলে জানা গেছে। তবে ফেব্রুয়ারির বেতন কবে প্রদান করা হবে, তা এখনও নির্ধারণ হয়নি। অন্যদিকে, কিছু শিক্ষক-কর্মচারী নিজের তথ্য সংশোধন না হওয়ায় ডিসেম্বর মাসের বেতন এখনও পাননি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আজ থেকে জানুয়ারি মাসের বেতন দেওয়া হচ্ছে। যাদের তথ্য ঠিক আছে, তারা সবাই বেতন পেয়েছেন। তবে যাদের তথ্য সংশোধন হয়নি, তাদের বেতন প্রদান বিলম্বিত হবে। বেতন দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু কিছু ভুল সংশোধন করার কারণে বেতন দেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকাসহ নানা তথ্যগত ভুলের কারণে তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। ছোটখাটো ভুল ঠিক করলেও গুরুত্বপূর্ণ ভুলগুলো সংশোধন করা হয়নি, যার কারণে তাদের বেতন দেওয়া যায়নি।

সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের বেতন সম্পন্ন হওয়ার পর ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

শিক্ষকরা অভিযোগ করছেন, ইএফটি মাধ্যমে বেতন দেওয়ার কারণে জানুয়ারি মাসের বেতন পেতে দেরি হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন কবে পাবেন তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, ইলেকট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) এর মাধ্যমে তথ্য সংশোধন করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আদেশ জারি করেছে। এর মাধ্যমে জানানো হয়েছে, স্কুলের প্রতিষ্ঠান প্রধান আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করবেন। উপজেলা, জেলা, আঞ্চলিক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পাঠাতে হবে।

এই সময়ের মধ্যে সব তথ্য সংশোধন হলে ডিসেম্বরের বেতনসহ বকেয়া সব বেতন শিক্ষক-কর্মচারীরা পাবেন। তবে যাদের তথ্য ইএফটি মডিউলে সংশোধন হবে না, তাদের বেতন প্রদান বন্ধ থাকবে।