অবৈধভাবে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন
আবারো অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনে উদ্যোগী হয়েছে ইসরায়েল। পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের পরিকল্পনা কমিটি সেখানে নতুন বাড়ি তৈরিতে অনুমোদন দিয়েছে।
এই বসতিতে এক হাজার ১৩১টি বাড়ি থাকবে। আরো ৮৫৩টি বাড়ি তৈরির প্রক্রিয়াও চলছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে ইসরায়েলের। তখন তারা জানিয়েছিলো যে, নতুন করে পশ্চিম তীরের কোনো এলাকা নেয়া হবে না। তবে এখন তারা অধিকৃত অংশে নিজেদের বসতি বিস্তার করছে।
ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। কারণ, পুরো পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র তৈরির চেষ্টা চলছে। ইসরায়েলের নতুন বসতি তৈরির সিদ্ধান্ত শুধু যে সেই প্রয়াসকে বিঘ্নিত করছে তাই নয় এর কারণে বৃহত্তর আরব-ইসরায়েল শান্তি চুক্তির সম্ভাবনাও কমে গেছে। কারণ এই চুক্তি তখনই সম্ভব যখন ইসরায়েল এই অধিকৃত অংশ ফিলিস্তিনকে দিয়ে দেবে।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, আমরা সব দেশের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এই নতুন বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধ করে। কারণ, এই উদ্যোগের ফলে প্রকৃত শান্তি চুক্তির প্রয়াস ধাক্কা খাবে।