অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুন 2021, 09:37 রাত
•
785 বার পঠিত
করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ওই উপজেলার মাদরা, কাকডাঙ্গা, তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বুধবার সন্ধ্যায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবির বিশেষ টহল দল মঙ্গলবার রাতে অবৈধ অনুপ্রবেশের সময় মাদরা, তলুইগাছা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করে। তাদের কালীগঞ্জের নলতা আহসানিয়া মিশনের আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হবে।