অবৈধভাবে বালু উত্তোলন: দেওয়ানগঞ্জে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টার অভিযানে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ব্রিজের পূর্বপাশে লম্বাপাড়া গ্রামের জিঞ্জিরাম নদী থেকে এসব ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
উদ্ধার করা ড্রেজার মেশিন ও পাইপের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সঙ্গে ছিলেন সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ জাওয়াহের হোসেন খান, সানন্দবাড়ী হাটের ইজারাদার এবং শিক্ষক রেজাউল করিম, ঠিকাদার মামুন উর রশিদ সানন্দ বাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান কোটি টাকা ইজারা মূল্যের সানন্দবাড়ী হাটকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে ধন্যবান জানান তিনি।