অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি বজলুর রশীদের সম্পত্তি ক্রোক
অনলাইন নিউজ পোর্টাল
•
22 সেপ্টেম্বর 2020, 05:31 বিকাল
•
567 বার পঠিত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় "কারা অধিদফতরের" ডিআইজি বজলুর রশীদের স্থাবর সম্পত্তি ক্রোক ও দুটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। আজ(মঙ্গলবার) ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক ইকবাল হোসেন এ নির্দেশ দেন।
আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। বজলুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।
অপরদিকে তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২২ অক্টোবর অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী তার স্থাবর সম্পত্তি ক্রোক ও দুটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া বজলুর আইনজীবী জামিনের আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন আদালত।